প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
রাজশাহী চিড়িয়াখানাকে পশুপাখি দিয়ে আধুনিকায়নের উদ্যোগ
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।পরিদর্শনকালে চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন তাঁরা। পাশাপাশি নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোর উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য আধুনিক ও আকর্ষণীয় পরিবেশ তৈরির সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেন।প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, চিড়িয়াখানাটির আধুনিকায়নের সম্ভাবনা যাচাইয়ে একটি টিম ফিজিবিলিটি স্টাডি করবে। ওই সমীক্ষার ভিত্তিতে কীভাবে এটিকে আরও আকর্ষণীয়, আধুনিক ও দর্শনার্থীবান্ধব করা যায়, সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন, বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলোর আদলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসী রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে উপস্থাপন করা হয়েছে।তিনি আরও বলেন, ইতোমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। এবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করায় আধুনিকায়নের উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।শুক্রবার সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. মো. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. মো. সফিকুর রহমান, রাজশাহী বিভাগের প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, ফিজিবিলিটি স্টাডির ফলাফলের ভিত্তিতে চিড়িয়াখানার উন্নয়ন ও আধুনিকায়নের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত