প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
সান্তাহারে জুয়েলার্স ভাঙচুর! ব্যবসায়ীর ওপর হামলা,থানায় মামলা
বগুড়ার আদমদীঘির সান্তাহারে পূর্ব শত্রুতার জের ধরে জুয়েলার্সের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যবসায়ী আহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের পোস্ট অফিসপাড়া এলাকার মাসুদ জুয়েলার্সের স্বত্বাধিকারী দ্বীপ হাসান বাদী হয়ে রানা খানের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।মামলা সূত্রে জানা গেছে , সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ীর মৃত জুলহাস মন্ডলের মৃত্যুর পর তার ছেলে দ্বীপ হাসান 'মাসুদ জুয়েলার্সের দোকান' পরিচালনা করে আসছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের হলুদঘরের মৃত দিলু খানের ছেলে রানা খান সহ অজ্ঞাত আরো কয়েকজন পোস্ট অফিস মোড়ে মাসুদ জুয়েলার্সের দোকানে হামলা চালিয়ে চাইনিজ কুড়াল দিয়ে দোকানের দরজা ও থাই গ্লাস ভাঙচুর করেন। তাদের প্রতিহত করতে গিয়ে রানা খানের বার্মিজ চাকুর আঘাতে দ্বীপ হাসান আহত হন। এতে তার বাম হাতের মধ্যমা আঙুলে গুরুতর কাটা জখম হয়।মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ওই জুয়েলার্সের দোকানের শোকেস থেকে অভিযুক্তরা এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন এবং আধা ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে যায়।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত