প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
জুতাপেটার মামলার জেরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত,গ্রেপ্তার প্রধান শিক্ষক
বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধ। সেই বিরোধে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছিলেন শিক্ষক। এবার ওই বিএনপি নেতাকেই ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।এ ঘটনায় বিএনপি নেতা হারুনুর রশিদের করা মামলায় রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে আক্কেলপুর পৌরশহরের কলেজপাড়া মহল্লার নিজ বাসা থেকে আজাদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রোয়াইড়-রাজকান্দা সড়কের রাজকান্দা মোড়ে ছুরিকাহত হন হারুনুর রশিদ (৫৫)। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি সেখানে চিকিৎসাধীন।এ ঘটনায় শুক্রবার বিকেলে হারুনুর রশিদের স্ত্রী মোছা. শামীমা আক্তার থানায় এজাহার দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। মামলায় প্রধান শিক্ষক আজাদুর রহমান ছাড়াও তাঁর স্ত্রী সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. শামীমা নাসরিন, তাঁর বড় ভাই দুলাল হোসেন ও দারাজ উদ্দিন এবং চাচাতো ভাই গাজীউলকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকেও আসামি করা হয়েছে।এজাহারে হারুনুর রশিদ অভিযোগ করেন, প্রধান শিক্ষক আজাদুর রহমান ধারালো হাসুয়া দিয়ে তাঁর মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেন। এতে তাঁর বাঁ হাতের বাহুতে কাটা জখম হয়। হামলায় শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে। একপর্যায়ে একজন তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আজাদুর রহমান। শনিবার থানায় সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে গত ২১ জুন হারুনুর রশিদ তাঁকে জুতাপেটা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন। সেই মামলা তুলে নিতে তাঁকে চাপ দেওয়া হচ্ছিল এবং চাকরি খাওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। পরে তাঁকে ফাঁসাতে হামলা ও ছুরিকাঘাতের ‘সাজানো নাটক’ করা হয়েছে। সত্য উন্মোচিত হবেই।রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক আজাদুর রহমান ও বিএনপি নেতা হারুনুর রশিদের মধ্যে বিরোধের সূত্রপাত। গত ২১ জুন হারুনুর রশিদ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পায়ের জুতা খুলে তাঁকে পেটান বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় আজাদুর রহমান থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। পরে আদালতে মামলা করেন তিনি। ওই মামলায় হারুনুর রশিদ ছাড়াও শাহনেওয়াজ, আতিকুজ্জামান মুন ও আতিয়ার রহমানকে আসামি করা হয়।আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, বিএনপি নেতা হারুনুর রশিদের করা মামলায় প্রধান শিক্ষক আজাদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত