প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
কুড়িগ্রামে ক্যাসিনো ও মাদকের অভিযোগে ১০জন গ্রেফতার
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ক্যাসিনো ও মাদক সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।শনিবার (২৯ আগস্ট) গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন, নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক প্রধান।এর আগে শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা বাজার থেকে ১৬ জন এবং কেরামতিয়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশরাফুল আলম নামে এক ব্যক্তিকে ১৫ দিন এবং রিয়াদ বাবুকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। অপর আটজনকে তিনদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।এ ছাড়া ৯ জনকে এক হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তারা নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক প্রধান বলেন, দণ্ডিত ব্যক্তিদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, শুক্রবার রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড দেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত