প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
দিনাজপুর বিজিবির বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার,আটক ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ভারতীয় ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ আগস্ট বিকেল ৪টার দিকে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন দানাজপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৪০ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাটিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে স্বপন চন্দ্র রায় (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাটিয়ানি গ্রামের নরেন্দ্র নাথ রায়ের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন এবং ২টি সিমকার্ড জব্দ করা হয়।বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়।সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পরবর্তীতে পীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত মোটরসাইকেল ও অন্যান্য মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত