প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
আক্কেলপুরে পল্লী চিকিৎসকের ৩০ হাজার টাকা জরিমানা
প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ লেখার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুরে নন্দন মোহন্ত নামের এক পল্লি চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার দুপুরে পৌর শহরের পুরাতন বাজার এলাকায় নন্দন মোহন্তের চেম্বারে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযানকালে নন্দন মোহন্তের চেম্বারে থাকা প্রেসক্রিপশন ও চিকিৎসাসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় নির্ধারিত যোগ্যতা ও অনুমোদন ছাড়া রোগীদের প্রেসক্রিপশন দেওয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক লেখার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফি মাহমুদ এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফজলে রাব্বী রাকিব উপস্থিত ছিলেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফি মাহমুদ বলেন, ‘নির্ধারিত যোগ্যতা ও অনুমোদন ছাড়া রোগীদের প্রেসক্রিপশন দেওয়া এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেওয়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’অর্থদণ্ড পাওয়া নন্দন মোহন্ত বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে পল্লি চিকিৎসক হিসেবে সেবা দিচ্ছি। আমার কাছে গরিব ও অসচ্ছল রোগী বেশি আসেন। অন্যদের তুলনায় আমার রোগীও বেশি। ২০ থেকে ৫০ টাকায় রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছেন। এটা অনেকের সহ্য হচ্ছে না। আক্কেলপুরে অনেক পল্লি চিকিৎসক আছেন, শুধু আমাকে ছাড়া অন্য কারও জরিমানা করা হয়নি। এটা উদ্দেশ্যমূলক। এখন আমাকে এখান থেকে গুটিয়ে নিতে হবে।’
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত