প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটে জন্মাষ্টমীতে উৎসবের আবহে ধ্বনিত হলো ‘শতকণ্ঠে গীতা পাঠ’
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী’ উপলক্ষে জয়পুরহাটে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘শতকণ্ঠে গীতা পাঠ’। এ মহতী আয়োজনে শতাধিক ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সমবেত কণ্ঠে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের দুই নম্বর রেলস্টেশন রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী জয় কালীবাড়ী মন্দির চত্বরে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) জয়পুরহাট জেলা সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে বাগীশিক জেলা সংসদের সভাপতি প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষিবিদ রেবতী মোহন মন্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) জয়পুরহাট জেলা সভাপতি অধ্যক্ষ ধজেন্দ্রনাথ দাস এবং বৈদিক পাঠ্যশালার সম্মানিত শিক্ষক অরবিন্দু সরকার।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শ্রীকৃষ্ণের আবাহনী সংগীত পরিবেশন, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, প্রার্থনা সংগীত এবং সমবেতভাবে ভক্তিপূর্ণ কণ্ঠে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হয়। ভক্তদের সমস্বরের গীতা পাঠে পুরো মন্দির প্রাঙ্গণে এক অপার্থিব ও আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়।আয়োজকরা জানিয়েছেন, গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানুষের দৈনন্দিন নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৎ জীবন গঠনের অন্যতম প্রধান পথ নির্দেশক। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নতুন প্রজন্মের মাঝে আত্মিক ও নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতেই এমন শতকণ্ঠে গীতা পাঠের মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সমবেত গীতা পাঠ শেষে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রাটি জয়পুরহাট জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি এবং সর্বস্তরের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত