প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে যৌন উত্তেজক সিরাপ জব্দ
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর রাত ১১টায় দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মজান বিওপির সদস্যরা বিরল উপজেলার বনগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ৩১৯/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।বিজিবি জানায়, উদ্ধারকৃত সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত