প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী আটক
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্রসহ মোছাঃ উম্মে হাবিবা নামে এক নারীকে আটক করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার স্বামী শাহীন আলম (৩৮) পালিয়ে গেছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এরআগে বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী পশ্চিম উচনা গ্রামে এই যৌথ অভিযান পরিচালিত হয়।অভিযান সূত্রে জানা গেছে, শাহীনের কক্ষ থেকে সীমান্ত পথে আনা ৬৫৬ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, ৫টি মোবাইল ফোন এবং একটি লোহার তৈরি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও আলামতের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা।বিজিবি জানিয়েছে, পলাতক শাহীন আলম দীর্ঘদিন যাবৎ কথিত সাংবাদিকতার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভারত সীমান্ত দিয়ে অবৈধ মাদক চোরাচালান চক্র নিয়ন্ত্রণ করে আসছিলেন। এলাকায় তিনি মাদক কারবার পরিচালনা ও স্থানীয় সাধারণ মাদক ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন। এছাড়া শাহীন আলমের বিরুদ্ধে বাংলাদেশের স্পর্শকাতর ও গোপনীয় তথ্য পার্শ্ববর্তী দেশে পাচারের গুরুতর অভিযোগ রয়েছে বলে জানায় বিজিবি।এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, অভিযানের সময় শাহীন আলম পালিয়ে যায়। এসময় ট্যাপেন্টাডল, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্রসহ তার স্ত্রী মোছাঃ উম্মে হাবিবাকে আটক করা হয়। আটক উম্মে হাবিবার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত