প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে চুরি, ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণপট্টির কারুশ্রী জুয়েলার্সে চুরির ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে এবং চুরি করা স্বর্ণ-রুপা কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে একজনকে খুলনা থেকে এবং অপর সাতজনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানের হেফাজত থেকে চোরাই ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রুপা এবং চোরাই স্বর্ণ বিক্রির ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাটের মোংলা থানার শেহলাবুনিয়া মোর্শেদ সড়ক এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. রুস্তম আলী শেখ (৬৪); পিরোজপুরের ভান্ডারিয়া থানার মাধবপুরা (মাইল্যারহাট) এলাকার আ. হাকিমের ছেলে স্বপন (৬২), একই গ্রামের মানিক ফকিরের ছেলে উজ্জল (৩৭), মতি ফকিরের ছেলে রিয়াজ ওরফে সুমন ওরফে সুজন ওরফে গেদু (৩৯); বাগেরহাটের শরনখোলা থানার খোন্তাকাটা (জিমতলা) এলাকার মোসাকের ছেলে আবু তালেব (৪৫); একই থানার পূর্ব খোন্তাকাটা এলাকার শেখ ফজলু শেখের ছেলে মো. কালাম শেখ (৪৮) এবং পিরোজপুরের ভান্ডারিয়া থানার মাধবপুরা এলাকার আ. হাকিমের ছেলে ইউনুস (৪৫)। এছাড়া চোরাই মালামাল কেনার অভিযোগে চাঁদপুরের কচুয়া থানার সরকার বাড়ী বজনীখোলা এলাকার রফিজ উদ্দিনের ছেলে রবিউল হাসান (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গত ১৯ জুন ভোরে ১০ থেকে ১২ জনের একটি চোরের দল কারুশ্রী জুয়েলার্সের সামনে বিভিন্ন সামগ্রী বিক্রির দোকান বসিয়ে কৌশলে জটলা তৈরি করে। পরে পাশের স্বর্ণের দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে এবং কারুশ্রী জুয়েলার্সের পশ্চিম পাশের দেয়াল কেটে দোকানে ঢোকে। এরপর সিন্দুক থেকে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা, তিন বক্স স্বর্ণের নাকফুল এবং নগদ ২০ লাখ টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।এ ঘটনায় কারুশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে ডিবিতে হস্তান্তর করা হয়।মামলার তদন্তে আরএমপির ডিবি, সাইবার ইউনিট ও সিসি ক্যামেরা ইউনিট যৌথভাবে কাজ করে আসামিদের শনাক্ত করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, চোরের দলটি অত্যন্ত কৌশলী। তারা একটি মোবাইল ফোন একবারের বেশি ব্যবহার করত না এবং ব্যবহৃত সিমগুলো অন্য ব্যক্তিদের নামে নিবন্ধিত ছিল। চুরির পর তারা দ্রুত স্থান পরিবর্তন করত এবং কোনো নির্দিষ্ট এলাকায় স্থায়ীভাবে অবস্থান করত না।তদন্তে আরও জানা গেছে, চক্রটি বছরে এক থেকে দুইটি বড় ধরনের চুরি করত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। একটি চুরির আগে তারা প্রায় তিন থেকে চার মাস ধরে সংশ্লিষ্ট এলাকা পর্যবেক্ষণ করে নিরাপদে প্রবেশ ও বের হওয়ার কৌশল নির্ধারণ করত। কারুশ্রী জুয়েলার্সে চুরির প্রায় চার মাস আগে চক্রটির সদস্যরা বিভিন্ন হোটেলে অবস্থান করে ব্যবসার আড়ালে এলাকাটি পর্যবেক্ষণ করেছিল বলেও পুলিশ জানিয়েছে।আরএমপি জানায়, চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত