প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী মেডিকেলে প্রথমবারের মতো হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো টোটাল নি রিপ্লেসমেন্ট (Total Knee Replacement) বা হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের হাঁটুর ক্ষয়জনিত সমস্যায় ভোগা রোগীদের উন্নত চিকিৎসার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।রোগী মোসা: বিবিজান (৬০), তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর জয়েন্ট ক্ষয়জনিত সমস্যায় ভুগছিলেন।চিকিৎসকরা জানান, রোগীর হাঁটুর ক্ষয়ের মাত্রা ছিল গুরুতর। এ ধরনের অবস্থায় হাঁটুর নড়াচড়া অনেকটা সীমিত হয়ে যায়, হাঁটু বেঁকে যেতে পারে এবং তীব্র ব্যথা দেখা দেয়। গুরুতর পর্যায়ে আধুনিক চিকিৎসায় হাঁটু প্রতিস্থাপন একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়।রামেক হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আলমগীর হোসেন-এর নেতৃত্বে অস্ত্রোপচারে অংশ নেন ডা. মনোয়ার তারিক সাবু, ডা. সফিকুল ইসলাম, ডা. মাতিউল ইসলাম, ডা. সাইদ আহমেদ, ডা. মাহফুজুর রহমানসহ বিভাগের চিকিৎসকরা।প্রফেসর ডা. আলমগীর হোসেন জানান, অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর হাঁটুর কার্যক্ষমতা অনেকটাই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে চললে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা ও দৈনন্দিন কাজ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে এখন থেকে এ ধরনের হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচারের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এতে উত্তরবঙ্গের রোগীরা নিজ অঞ্চলে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন এবং হাঁটুর চিকিৎসার জন্য ঢাকামুখী হওয়া কিংবা বিদেশে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।ডা. মনোয়ার তারিক সাবু জানান, 'ঢাকায় এই অপারেশন অনেক হয়। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এটাই প্রথম। হাসপাতালে অপারেশন করতে দুই ঘণ্টা সময় লেগেছে। ছয়জনের টিম মিলে এই অপারেশন করা হয়েছে। দেশে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার পর চিকিৎসকরা এই অপারেশন করেছেন।'তিনি আরও বলেন, 'এখন থেকে নিয়মিত এই অপারেশন করা হবে। অপারেশনের পর রোগী সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।'সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে, রামেক হাসপাতালে হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার চালু হওয়ায় উত্তরবঙ্গের দীর্ঘদিনের হাঁটুর ক্ষয়জনিত সমস্যায় ভোগা রোগীদের জন্য চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ একটি নতুন অধ্যায় যুক্ত হলো।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত