প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় অকেজো সড়কবাতি: সুযোগ নিচ্ছে চোর চক্র
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বোরাইপাড়া, চৌধুরীপাড়া এবং তিন রাস্তার মোড়সহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে সড়কবাতিগুলো অকেজো হয়ে পড়ে আছে। কোথাও বাতি সম্পূর্ণ বন্ধ, আবার কোথাওবা টিপটিপ করে নিভু নিভু অবস্থায় জ্বলছে। রাতের বেলায় এই আলো স্বল্পতা ও অন্ধকার পরিবেশকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে স্থানীয় সুযোগসন্ধানী ও ছ্যাঁচড়া চোর চক্র।এলাকাবাসীর চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন এই চুরির উপদ্রব। রাতের অন্ধকারে আবাসিক বাসাবাড়ির লাইনের বৈদ্যুতিক তার কেটে নিয়ে কেটে পড়ছে দুষ্কৃতকারীরা। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। অথচ এই এলাকাগুলোতে পৌরসভার একাধিক কর্মচারী বসবাস করা সত্ত্বেও জনভোগান্তির এই সমস্যা যেন কারও চোখেই পড়ছে না। পূর্বে এ বিষয়ে পৌরসভার ইলেকট্রিশিয়ান আকরাম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।তবে সেই আশ্বাসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি, গ্রহণ করা হয়নি কোনো কার্যকর সুব্যবস্থা।পৌরসভার এমন উদাসীনতা ও সড়কবাতি মেরামতে বিলম্বের কারণে এলাকাবাসীর ক্ষোভ এখন চরমে। চুরি ও অন্ধকার আতঙ্কে রাতের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের। দ্রুত সড়কবাতিগুলো মেরামত করে নিরাপত্তা নিশ্চিত করতে পৌর প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী পৌরবাসী।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত