প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর জেনারেল হাসপাতালের ডা. আব্দুল জব্বার মিলনায়তনে এই সভায় অনুষ্ঠিত হয় । হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দিনাজপুর-৩ ( সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি ছিলেন।সভায় হাসপাতালের চলমান বিভিন্ন সংকট ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল- চিকিৎসক ও জনবল সংকট এবং শূন্য পদের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়া। ১০০ শয্যার অবকাঠামোর মধ্যে ২৫০ শয্যার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সীমাবদ্ধতা।চিকিৎসক স্বল্পতার কারণে কার্ডিওলজি, ইএনটি, আই, অর্থোপেডিক্স ও নিউরোমেডিসিন ওয়ার্ড চালু করা সম্ভব না হওয়া।হাসপাতালের জায়গা দখল এবং এর সামনে অবৈধ দোকানপাট গড়ে ওঠা।ড্রেনেজ ব্যবস্থার সমস্যা ও পানি নিষ্কাশনে জটিলতা।বহিরাগত রোগী ও তাদের স্বজনদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থার অভাব।নবনির্মিত আইসোলেশন ভবনে র্যাম্প সিঁড়ি বা লিফট না থাকায় স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটা। অ্যাম্বুলেন্স সংকট এবং পুরাতন জরুরি ও বহির্বিভাগ দ্রুত অপসারণ করে নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা।সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি হাসপাতালে দ্রুত ডায়াথার্মি ও আলট্রাসনোগ্রাম মেশিন বরাদ্দের আশ্বাস দেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, "একজন রোগীর জীবন-মৃত্যু আপনাদের সেবার ওপর বহুলাংশে নির্ভর করে। কাজেই রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সেবা দিতে হবে।"সভায় হাসপাতালের সেবার মানোন্নয়নে উপস্থিত কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানের ওপর জোর দেন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম।বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নূর আলম,ড্যাব এর সভাপতি ডাঃ জিয়াউল হক জিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আব্দুল হালিম, মোঃ মামুনুর রশিদ কচি প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,পৌর ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ জেমসসহ আরো অনেকে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত