প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
তুমব্রু সীমান্তে বিপুল পরিমান ঔষধসহ ৩জন আটক ও ট্রাক জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রীসহ ট্রাক ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৪ থেকে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টমস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় তুমব্রু বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল কাস্টমস মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিসহ ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন—মোঃ হারুন মিয়া (২৬), পিতা মোজাম্মেল হক, গ্রাম পুরাতন পল্লান পাড়া, পোস্ট টেকনাফ, থানা ও জেলা কক্সবাজার; জিদান বড়ুয়া (১৮), পিতা বিপন বড়ুয়া, গ্রাম উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া, পোস্ট বালুখালী, থানা নাইক্ষ্যংছড়ি, জেলা বান্দরবান এবং মোঃ আকছার (১৮), পিতা মোঃ জয়নাল, গ্রাম টিএনটি, পোস্ট উখিয়া, থানা উখিয়া, জেলা কক্সবাজার।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী ও অন্যান্য মালামালসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”বিজিবি সূত্র আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানায় বাহিনীটি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত