প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে চোর জামাইকে আটকাতে গিয়ে শ্বশুরের মৃত্যু
মানিকগঞ্জে অটোরিকশার চার্জার নিয়ে পালানোর সময় অভিযুক্ত জামাইকে আটকাতে গিয়ে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মারধরে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে নিহতের মেয়ের জামাই রাসেল মিয়া।সোমবার রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান ওই গ্রামের রুপচানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।জানা গেছে, প্রতিদিনের মতো অটোরিকশা চালিয়ে রাতে বাড়ি ফেরেন সিদ্দিকুর রহমান। অটোরিকশাটি বাড়িতে রেখে চার্জে দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন তিনি।রাত আনুমানিক ১টার দিকে অটোরিকশা রাখার স্থান থেকে শব্দ শুনে সিদ্দিকুর রহমান ও তাঁর ছেলে শফিকুর রহমান ঘর থেকে বের হন। এ সময় অভিযুক্ত রাসেল দৌড়ে পালানোর চেষ্টা করলে সিদ্দিকুর রহমান ও তার ছেলে মিলে অভিযুক্ত রাসেলকে আটক করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে সিদ্দিকুর রহমান শরীরের সংবেদনশীল স্থানে আঘাত পান। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাঁকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে সিদ্দিকুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় স্থানীয়রা আটককৃত রাসেলকে বেধরক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিদ্দিকুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত