প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোচাগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির একটি টহল দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার চালানদিঘী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩৩১/৬-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত