প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ সাংবাদিককে হাসপাতালে ভর্তি করালেন আনসার সদস্য
পরিবারের কেউ পাশে না থাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়া জি বাংলা টিভির সাংবাদিক রাশেদ মাহমুদকে হাসপাতালে ভর্তি করে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রামেক হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাংবাদিক রাশেদ মাহমুদ। সে সময় তাঁর সাথে পরিবারের কেউ না থাকায় চরম বিপাকে পড়েন তিনি। বিষয়টি নজরে আসা মাত্রই রামেক হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত প্লাটুন কমান্ডার মো. মাইনুল ইসলাম ও তাঁর সঙ্গে থাকা আনসার সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। তাঁরা তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান এবং হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।সাংবাদিকের এমন বিপদের মুহূর্তে আনসার সদস্যদের এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকার তীব্র প্রশংসা করেছেন উপস্থিত রোগীর স্বজন ও সাধারণ মানুষ। এই ঘটনা প্রমাণ করে যে, আনসার সদস্যরা কেবল প্রাতিষ্ঠানিক নিরাপত্তাই নয়, বরং সংকটময় মুহূর্তে মানুষের সেবায়ও সবসময় প্রস্তুত থাকেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত