প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
বদরগঞ্জে তিস্তানদীর উপর নির্মিত ব্রিজ উদ্বোধন
রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে নির্মিত ৪০ মিটার ব্রিজটির উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত ব্রিজটি নির্মাণ শেষে চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরা তিস্তা নদীর ওপর নির্মিত ব্রিজটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও স্থানীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।বদরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন জানান, ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ২৬ লাখ টাকা। ২০২৫ সালে এর নির্মাণকাজ শুরু হয় এবং কয়েক দিন আগে নির্মাণকাজ শেষ হয়েছে।স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন বলেন, ‘ব্রিজটি চালু হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদে মানুষের যাতায়াত আরও সহজ ও সচল হবে। একই সঙ্গে বদরগঞ্জ পৌর শহরের অন্যতম সমস্যা যানজট নিরসনেও ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’বৃদ্ধা সফুরা বেগম বলেন, ‘ব্রিজটি নির্মাণ হওয়ায় এ এলাকায় যানজট অনেকটাই কমে আসবে। মানুষের চলাচলেও স্বস্তি ফিরবে।’উদ্বোধনকালে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘বদরগঞ্জের যানজট নিরসনে আমি ইতোমধ্যে সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের সঙ্গে কথা বলেছি। ইনশাআল্লাহ, আমার মেয়াদকালেই সেসব পরিকল্পনার কাজ হবে। এসব কাজ বাস্তবায়ন হলে বদরগঞ্জের যানজট অনেকটাই কমে আসবে।’স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের প্রত্যাশিত ব্রিজটি চালু হওয়ায় শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদে যাতায়াতই সহজ হবে না, পৌর শহরের যোগাযোগব্যবস্থা ও যানজট নিরসনেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত