প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর এগারো উপজেলার সাংবাদিকদের সভা মান্দায় অনুষ্ঠিত
নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাব, মান্দা উপজেলা শাখার উদ্যোগে জেলার ১১টি উপজেলার প্রেসক্লাবের বিভিন্ন কমিটির সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এ পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।বাংলাদেশ প্রেসক্লাব, মান্দা উপজেলা শাখার সভাপতি সোহানুর রহমান সোহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. মো. ইকরামুল বারী টিপু।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান (মকে)।অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক অর্থদৃষ্টি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ।প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক জয় সাগর-এর সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সভাপতি মো. হাসান ইমাম তালুকদার।এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. মোকসেদুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব, মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ নওগাঁ জেলার ১১টি উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।আলোচনা সভায় সাংবাদিকদের পারস্পরিক পরিচিতি ও ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশন, সাংবাদিকদের নিরাপত্তা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো সত্য ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করে তা যাচাই-বাছাইয়ের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরা। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা সমাজের অনিয়ম-অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. ইকরামুল বারী টিপু বলেন, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া শক্তিশালী গণতন্ত্র কল্পনা করা যায় না। সাংবাদিকরা সমাজের অন্যায়, অনিয়ম ও অসঙ্গতির বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন। কলমের শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।তিনি আরও বলেন, প্রকৃত সাংবাদিকতা কখনো ব্যক্তিস্বার্থকেন্দ্রিক হতে পারে না। জনকল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশকে সমৃদ্ধ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।শেষে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত