প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করলেন মৌ হিজড়া
হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ মৌ খাতুন (মৌ হিজড়া)।শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বক্তব্য ও ভিডিওর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌ খাতুন বলেন, তিনি দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করে আসছেন। সম্প্রতি সাদুল্লাপুর এলাকায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে কেন্দ্র করে একটি বিরোধের জেরে তিনি বিভিন্নভাবে হয়রানি, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হচ্ছেন।তার অভিযোগ, মোছাঃ মোস্তায় অনজু খাতুন (৩৪) নামের একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি তাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছেন। সাদুল্লাপুর থানা এলাকায় অবস্থানরত কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষকে সরিয়ে দিয়ে সেখানে নিজেকে প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।মৌ খাতুন আরও অভিযোগ করেন, ওই দাবি মেনে না নেওয়ায় তাকে চাপ প্রয়োগ, হয়রানি ও ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি নিজ বাসায় অবস্থানকালে অভিযুক্ত ব্যক্তি তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টে তাকে নিয়ে বিভিন্ন অপ্রীতিকর মন্তব্য করেন বলে দাবি করেন তিনি।এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও অপবাদমূলক বক্তব্য দিয়ে ফেসবুক ও ইউটিউবে ভিডিও প্রচার ও ভাইরাল করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মৌ খাতুন।তিনি আরও বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি ‘তারা মিয়া হিজড়া’ নামের একজনকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।এসব ঘটনায় তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তার দাবি, একজন তৃতীয় লিঙ্গের নাগরিক হিসেবে সম্মানের সঙ্গে বসবাস এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার তার রয়েছে। কিন্তু হুমকি, হয়রানি ও অপপ্রচারের কারণে তিনি সামাজিক ও মানসিকভাবে চাপে রয়েছেন।মৌ খাতুন জানান, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন।সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালানোর অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও আইনগত বিষয় তদন্তসাপেক্ষ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত