প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় দম্পতিকে ব্ল্যাকমেইলিং ও চাঁদার দাবি: ৩ চাঁদাবাজসহ গ্রেপ্তার ৪
বগুড়ার দুপচাঁচিয়ায় ঘুরতে এসে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার শিকার হয়েছেন এক দম্পতি। দিনাজপুর থেকে আসা ওই দম্পতিকে আটকে রেখে মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। এ ছাড়া পৃথক আরও একটি অভিযানে সি/আর মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা এলাকা থেকে সুলতান মাহমুদ রিফাত তাঁর স্ত্রীকে নিয়ে দুপচাঁচিয়ার জয়পুরপাড়ায় ঘুরতে আসেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তাঁদের গতিরোধ করে আটক করে। অভিযুক্তরা ভিকটিম রিফাতের কাছে মাদক রয়েছে বলে ভুয়া অভিযোগ তোলে এবং পুলিশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ওই দম্পতিকে বেধড়ক মারধর ও নানাভাবে হেনস্তা করতে থাকে। বিষয়টি জানতে পেরে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি জরুরি টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। রাত সাড়ে ৭টার দিকে ভিকটিম দম্পতিকে উদ্ধার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত তিন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলো,দুপচাঁচিয়া পৌরসভার জয়পুরপাড়া এলাকার দেলোয়ারের ছেলে রাকিবুল, আব্দুস সোবহানের ছেলে সানজিদ এবং মুকুলের ছেলে নাইম। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও চাঁদাবাজির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।অন্যদিকে, দুপচাঁচিয়া থানা পুলিশের অপর এক অভিযানে সি/আর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোফাজ্জল আক্কেলপুর থানার রাইকালী এলাকার বরিয়া গ্রামের তালেব প্রামাণিকের ছেলে।বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত