প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
পাঁচবিবিতে পানিশূন্য শিক্ষা প্রতিষ্ঠান! বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোতোয়ালীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ টিউবওয়েল অকেজো হওয়ায় পানি শূন্য হয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে টয়লেটের জন্য স্থাপন করা পানির পাম্পটিও এক সপ্তাহ আগে নষ্ট হয়ে যাওয়ায় পুরো বিদ্যালয়টি এখন পানিশূন্য হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।সরেজমিনে গিয়ে দেখা যায়, পানির অভাবে টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষকরা যদিও শিক্ষার্থীদের টয়লেট ব্যবহারে নিষেধ করলেও বাধ্য হয়ে তারা প্রস্রাব করছে। টয়লেটের পাশেই ক্লাসরুম হওয়ায় তীব্র দুর্গন্ধে অতি কষ্টে ক্লাস করতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাবেয়া বাসরী ও পঞ্চম শ্রেণির মোঃ তামিম হাসান সহ অনেক শিক্ষার্থী জানায়, "টয়লেটের দুর্গন্ধে ঠিকমতো ক্লাস করা যায় না। এতে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে।" বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির যে সকল শিক্ষার্থী বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে আসে, তাদের খাবার ও হাত ধোয়ার পানির জন্য অন্যত্র যেতে হয়। এ বিষয়ে একাধিক অভিভাবকদের অভিযোগ প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সকল শিক্ষকের মনোমালিন্য থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানে আরো অনেক সমস্যা আছে সমাধানে কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করেন তারা।এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন, "স্কুলের টিউবওয়েল ও টয়লেটের পাম্প দুটোই নষ্ট। এতে আমরা সকল শিক্ষক-শিক্ষার্থী কষ্টে আছি। টয়লেটের পাম্পটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার এ কে এম জুবায়ের আলম বলেন, "পানির পাম্প অকেজো হওয়ার বিষয়টি আমাকে সরাসরি জানানো হয়নি, হয়তো সহকারী শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে পানির সমস্যা অতি দ্রুত নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত