প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত বাদ্যকর পরিবার
বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে সুজন চন্দ্র বাদ্যকর (২৫) নামে এক নরসুন্দরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।এতে ঘরের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, ধান-চাল, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পিরহাটী পশ্চিমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুজন চন্দ্র বাদ্যকর ওই গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে। তিনি মথুরাপুর বাজারে নরসুন্দরের কাজ করে সংসার চালান।স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় সুজন চন্দ্র সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী তখন রান্নার কাজ করছিলেন। হঠাৎ বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা চিৎকার করলে ঘুম থেকে উঠে সন্তানদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন সুজন। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরেকটি ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে আগুনের তীব্রতায় প্রায় ১৫ মিনিটের মধ্যেই ঘরের মালামাল পুড়ে যায়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত সুজন চন্দ্র বাদ্যকরকে আর্থিক সহায়তা দেন। তাঁর পক্ষে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে সহায়তার অর্থ তুলে দেন।ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত