প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
শৈশবের প্রিয় প্রতিষ্ঠানে ফিরে আসলেন শিক্ষা অফিসার হয়ে
যে আঙিনায় একদিন কেটেছে শৈশবের সোনালি দিন, যে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ থেকে শুরু হয়েছিল তাঁর শিক্ষা জীবনের পথচলা দীর্ঘ সময় পর সেই প্রিয় শিক্ষাঙ্গনেই ফিরলেন তিনি। তবে এবার আর শিক্ষার্থী হিসেবে নয়, জেলার শিক্ষা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জেলা শিক্ষা অফিসার হিসেবে। মোঃ আযিযুল হাকিম বিকো জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ফুলদিঘী হাটে অবস্থিত নিজ শৈশবের স্মৃতিবিজড়িত ফুলদীঘিহাট চশমায়ে উলুম ফাজিল মাদ্রাসায় তাঁর এই ফিরে এলেন জেলা শিক্ষা অফিসার হয়ে, তার এই ফিরে আসা ঘিরে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।প্রাক্তন শিক্ষার্থীকে আজ জেলা শিক্ষা অফিসারের দায়িত্বে নিজেদের মাঝে পেয়ে আনন্দ ও গর্বে আপ্লুত হন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।নিজের শৈশবের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানে ফিরে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন জেলা শিক্ষা অফিসার মোঃ আযিযুল হাকিম। পরিচিত সেই প্রাঙ্গণ, পুরোনো স্মৃতি আর আপন মানুষগুলোর ভালোবাসা তাঁকে যেন ফিরিয়ে নেয় জীবনের সেই সোনালি সময়ে। যে মাটিতে দাঁড়িয়ে তাঁর স্বপ্নের শুরু, দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সেই মাটিতেই দাঁড়িয়ে শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।অনুষ্ঠানে তিনি অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ জীবন গঠনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এ সময় শিক্ষকবৃন্দের সঙ্গেও প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের অগ্রগতি এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন জেলা শিক্ষা অফিসার।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিভাবকদের সরাসরি প্রশ্নোত্তর পর্ব। বিভিন্ন বিষয়ে অভিভাবকদের প্রশ্নের উত্তর দেন তিনি। নিজের শৈশবের প্রতিষ্ঠানের অভিভাবকদের সঙ্গে এমন আন্তরিক পরিবেশে মতবিনিময় উপস্থিত সবার মধ্যে ভিন্ন এক অনুভূতির সৃষ্টি করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।স্থানীয়দের অনেকেই বলেন, এই প্রতিষ্ঠানেরই একজন শিক্ষার্থী একদিন স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছিলেন। সময়ের পরিক্রমায় সেই শিক্ষার্থী আজ জেলার শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে আবার ফিরে এসেছেন নিজের শিকড়ের কাছে। এটি শুধু একজন কর্মকর্তার ফিরে আসা নয় এ যেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মহান প্রত্যর্পণশৈশবের সেই প্রিয় প্রাঙ্গণে দাঁড়িয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ আযিযুল হাকিমের এই ফিরে আসা তাই হয়ে উঠেছে স্মৃতি, আবেগ ও দায়িত্ববোধের এক অনন্য মিলন। যে আঙিনায় তাঁর শিক্ষাজীবনের সূচনা, আজ সেই আঙিনাতেই জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দায়িত্ব নিয়ে তাঁর উপস্থিতি যেন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্যও এক অনুপ্রেরণার গল্প
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত