প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
কমলনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জুয়েল নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড,এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।নিহত জুয়েল ঢাকা জেলার আবু বকর ছিদ্দিকের ছেলে। প্রায় আট বছর আগে তিনি কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের আবু তাহের মোল্লা বাড়ির আবু তাহেরের মেয়ে সুরমা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে একটি কন্যাসন্তান ও একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকে জুয়েল শ্বশুরবাড়িতেই বসবাস করতেন বলে জানা গেছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জুয়েলের সঙ্গে তার স্ত্রী সুরমা বেগমের ঝগড়া হয়। পরে স্ত্রী তার বাবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে জুয়েলকে ঘুম থেকে জাগানোর জন্য তার স্ত্রী নিজ কক্ষে গিয়ে দরজা খুললে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান।তবে জুয়েলের মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে মৃত্যুর আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার বিষয়টি সামনে আসায় ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।তবে জুয়েলের মৃত্যুর প্রকৃত কারণ কী, সেটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। মরদেহের ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত