প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা পরিদর্শনে এমপি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর বুড়িহাট বাজার সংলগ্ন দক্ষিণ রঘুনাথপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভক্তদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।দক্ষিণ রঘুনাথপুর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র রায় (মাস্টার)-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন এবং দক্ষিণ রঘুনাথপুর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল।এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য, আয়োজক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় এমপি মো. মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জে দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি ইতোমধ্যে বিভিন্ন পূজামণ্ডপের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন এবং কোথাও কোনো সমস্যা রয়েছে কি না, তা খোঁজখবর নিচ্ছেন।তিনি বলেন, এবার বীরগঞ্জে বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। বিএনপি সরকারে থাকলে আপনারা আনন্দে থাকবেন-এটাই স্বাভাবিক। এবারের বড় বড় পূজার আয়োজন তারই একটি উদাহরণ।এমপি আরও বলেন, বীরগঞ্জ-কাহারোলের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই আমাদের দায়িত্ব। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।পরে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং পূজা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত