প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাকিমপুর কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃফৌজিয়া নাজমুন নাহারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, এলাকাবাসী ও অভিভাবকগণ।উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের শতাধিক ১৩৫ জন মানুষের স্বাক্ষরিত অভিযোগ পত্রে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল। বর্তমান প্রধান শিক্ষক দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অনিয়মে পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং নানা সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানে পড়াশোনার মান উন্নয়ন ও সুনাম বয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান শিক্ষককে বদলি করে অন্য শিক্ষককে পদায়নের দাবি জানায় অভিযোগে।দাবি আদায়ে আজ রবিবার বেলা ১১ টায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে প্রতিবাদ জানান। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।মানববন্ধনে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহিনুর ইসলাম,বিদ্যুৎসাহী সদস্য রিপন চৌধুরী, এলাকাবাসী ও অভিভাবক আইয়ুব আলী,শাহজাহান,নাহিদ হাসান কাজল, আরিফুল, মিজানুর চৌধুরী ও দাতা সদস্য শাহাদত হোসেন চৌধুরী সহ আরো অনেকেই। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য নিতে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওরিন আফরিন জানান, বর্তমানে আমি ভারপ্রাপ্তের দায়িত্বে আছি,প্রধান শিক্ষক ছুটিতে আছেন। সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা। এদিকে অভিযোগের বিষয়ে মুঠোফোনে প্রশ্ন করলে প্রধান শিক্ষক মোছাঃ ফৌজিয়া নাজমুন নাহার জানান,শামীম নামের এক শিক্ষকের বদলিজনিত কারণে আমাকে দোষারোপ করে এমন অভিযোগ করা হচ্ছে।যা সম্পূর্ণ মিথ্যা।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত