প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
রাণীশংকৈলে ট্যাপেন্টাডলসহ দুইজন আটক,মোটরসাইকেল জব্দ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বিওপির মলানী লজিস্টিক ক্যাম্পের একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. বুলবুল আহমেদের নেতৃত্বে সীমান্ত পিলার ৩৭৩/১-এস থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে ‘চিকনি’ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে আটক দুজন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের মৃত শের আলীর ছেলে মো. গোলাম মোস্তফা (৩৮) এবং উদয়পুর গ্রামের মো. শামউদ্দিনের ছেলে মো. আনছারুল হক (৩৫)।বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি HERO HF DELUXE ১০০ সিসি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।৫০ বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা ট্যাপেন্টাডলের আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার টাকা। জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোনের মূল্য ২ হাজার টাকা এবং সিম কার্ড দুটির মূল্য ৬০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ১০০ টাকা।ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের পাশাপাশি চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।সীমান্ত এলাকার বাসিন্দাদের সন্দেহজনক কর্মকাণ্ড ও মাদক বা চোরাচালান সংক্রান্ত তথ্য বিজিবিকে জানানোর আহ্বানও জানিয়েছে বাহিনীটি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত