প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
সান্তাহারে রক্তদহ বিলপাড়ে দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ঐতিহ্যবাহী রক্তদহ বিলপাড়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দমদমা নতুন সেতু থেকে সান্দিড়া কোলা পর্যন্ত বিলের খালপাড়জুড়ে এসব গাছের চারা রোপণ করা হবে।সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে দমদমা যুব সমবায় সমিতি এ কর্মসূচির উদ্যোগ নেয়। কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রক্তদহ বিলপাড়ে বিপুলসংখ্যক গাছের চারা রোপণের এই উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি এলাকার সৌন্দর্যও বাড়াবে। স্থানীয়দের এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সাবেক ইউপি সদস্য ও দমদমা যুব সমবায় সমিতির সভাপতি মারুফ উল হাসান খান শিপলু, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাগর খান, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, যুবদল নেতা কোয়েল ও জুয়েল।এ ছাড়া সমিতির সদস্য রুবেল, আসাদুল মল্লিক, উজ্জ্বল, প্রভাস, দুলু, শাওন, মোফাজ্জল ও সাজুসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, রক্তদহ বিলপাড়ের পরিবেশকে আরও সবুজ ও নান্দনিক করে তুলতে পর্যায়ক্রমে দমদমা নতুন সেতু থেকে সান্দিড়া কোলা পর্যন্ত প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি এসব চারার পরিচর্যা ও সংরক্ষণেও উদ্যোগ নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত