প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
ঘোড়াঘাটে খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়ায় ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাহাদুল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাঠটি দখলে রেখেছেন। এতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ ব্যাহত হচ্ছে। মাঠটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে এনে খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তাঁরা।মানববন্ধনে বক্তব্য দেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, বীর মুক্তিযোদ্ধা নজরুল, স্থানীয় বাসিন্দা রেজওয়ানুর রহমান, মদুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।আব্দুস সাত্তার মিলন বলেন, ১৯৮১ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারযোগে ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়া মাঠে অবতরণ করেন। এ মাঠের সঙ্গে তাঁর স্মৃতি জড়িয়ে রয়েছে। তৎকালীন সময়ে গ্রামীণ উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে খাল খনন, সেচব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছিল।স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, শাহাদুল একসময় গাইবান্ধা থেকে এসে করতোয়া নদীতে মাছ শিকার করতেন। পরে একটি কবুলিয়তনামা বা দলিলের মাধ্যমে জমিটির মালিকানা দাবি করে মাঠটি দখলে নেন বলে তাঁদের অভিযোগ। তবে ওই দলিলের বৈধতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।প্রবীণ বাসিন্দা রেজওয়ানুর রহমান ও মদু বলেন, তাঁরা এবং তাঁদের বাবা-দাদারাও দীর্ঘদিন ধরে এই মাঠে খেলাধুলা করে আসছেন। জমির কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং মাঠটি খেলাধুলার জন্য সংরক্ষণের দাবি জানান তাঁরা।মানববন্ধন থেকে মাঠটির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জন্য মাঠটি সংরক্ষণের দাবি জানানো হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত