প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
দিনাজপুরে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার,উদ্ধার গাঁজা ও এসকাফ
দিনাজপুর ও রংপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১৯৬ বোতল এসকাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) এসআরবি-১৩ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে এসআরবি-১৩ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।এসআরবি সূত্র জানায়, গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার বড়ইল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় শেখহাট এলাকার মৃত ইন্দ্রমোহনের মেয়ে সন্ধ্যা রায় ওরফে ঝলকি (৪৬)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।অপরদিকে একই দিন দুপুর ২টার দিকে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাবু তাঁতিপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৯৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। ঘটনায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার খামারভাতি গ্রামের মো. মনিরুজ্জামান (২৩)-কে গ্রেফতার করা হয়।এসআরবি-১৩ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।সংস্থাটি আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত