প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
পূজামণ্ডপের নিরাপত্তায় আক্কেলপুরে আনসার-ভিডিপি সদস্য বাছাই
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় জয়পুরহাটের আক্কেলপুরে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালনের জন্য ২৫০ জনকে বাছাই করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) জয়পুরহাট জেলা কমান্ডার আব্দুর রাহীদের নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হয়।বাছাই কার্যক্রমে জয়পুরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহাবুব আলম বলেন, দেশবিরোধী অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র করতে পারে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা বিরোধ সৃষ্টি ও অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। তাই দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।তিনি আরও বলেন,ওয়ার্ড থেকে উপজেলা ও জেলা পর্যায় পর্যন্ত সদস্য বাছাইয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত হতে পারবেন না।আক্কেলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জোসনা আক্তার বলেন, দুর্গাপূজায় দায়িত্ব পালনের জন্য আনসার সদস্য বাছাইয়ে কোনো ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কেউ তথ্য দিলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে।এ সময় উপজেলা প্রশিক্ষক হেদায়েত উল্লাহ, উপজেলা প্রশিক্ষিকা ইয়াফি, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার দেলোয়ার হোসেনসহ আনসার ও ভিডিপি বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আক্কেলপুর উপজেলার ৩৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য মোট ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে বাছাই করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত