প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ-হাতি সংঘাত
হাতিকে কেন্দ্র করে অভয়ারণ্য ও পর্যটন খাতের উন্নয়ন করা গেলে মানুষ-হাতি সংঘাত অনেকটাই নিরসন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি ইকোপার্ক রয়েছে। এ ধরনের পার্কের সংখ্যা আরও বাড়ানো যায় কি না, তা নিয়ে সম্ভাব্যতা যাচাই-বাছাই চলছে। পর্যটন খাতকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও আয় বৃদ্ধির পাশাপাশি হাতি সংরক্ষণ এবং মানুষ-হাতি সংঘাত নিরসনের সুযোগ তৈরি হতে পারে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন। এ কারণে সংশ্লিষ্টদের কাজ করা সহজ হয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।মতবিনিময় সভায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন,পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারীসহ বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য, গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বক্তব্য রাখেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত