প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়: এমপি রুমা
রাষ্ট্র ও গণতন্ত্র টিকিয়ে রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন পাবনার সংরক্ষিত আসনের নারী এমপি এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি বলেছেন, প্রান্তিক সাংবাদিকদের সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়। সত্য প্রকাশের কারণে অতীতে অনেক সাংবাদিক নির্যাতন, জেল-জুলুম, গুম ও খুনের শিকার হয়েছেন।শনিবার দুপুরে পাবনার চাটমোহরে চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর উপজেলার অর্ধশতাধিক সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ প্রতিনিধি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, ভাঙ্গুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ফরিদপুর প্রেসক্লাবের সম্পাদক মির্জা বাসিত, ভাঙ্গুরা প্রেসক্লাবের সম্পাদক মনিরুজ্জামান ফারুক ও চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক প্রমুখ।এমপি রুমা বলেন, “বর্তমান সরকার সাংবাদিকদের সঠিক লেখনীর সূত্র ধরে দেশ গঠনে কাজ করছে। আপনারা নির্ভীক হয়ে সাহস ও সততার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যান। কোনো রক্তচক্ষুকে ভয় পাবেন না। বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দলের মধ্যেও শুদ্ধি অভিযান শুরু করেছেন। আমাদের দলের কোনো নেতাকর্মী অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও আপনারা সত্য প্রকাশ করবেন। আপনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমার।”তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। “আমি ৩০ বছর আগের সেই চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর দেখতে চাই।”এমপি রুমা চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুরে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনটি প্রেসক্লাবের উন্নয়নে তিন লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত