প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার
দিনাজপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি ১৩)। গতকাল রাত ১০টা ১০ মিনিটে দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে এ অভিযান চালানো হয়।রোববার (১১ অক্টোবর) বিকেলে এসআরবি-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৩ এর নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর-দশমাইল মহাসড়কসংলগ্ন দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মাসুদ আলমের বন্ধ মার্কেটের পেছনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত