প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন,র্যালি ও মহড়া
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক প্রস্তুতিমূলক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মধ্য দিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয়, উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরে প্রস্তুতিমূলক মহড়া প্রদর্শন করা হয়।মহড়ায় মান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। তাঁরা দুর্যোগের সময় উদ্ধার তৎপরতা, বিপদগ্রস্ত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল বাস্তবভিত্তিকভাবে উপস্থাপন করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষ দুর্যোগ মোকাবিলার নানা কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে প্রায়ই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে পড়তে হয়। তাই দুর্যোগ মোকাবিলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। আগাম সতর্কবার্তা মেনে চলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখা এবং বিপদের সময় করণীয় সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকা জরুরি।”তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দুর্যোগের আগে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। একটি সচেতন ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা, আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। দুর্যোগের সময় কী করতে হবে এবং কীভাবে নিজেদের পাশাপাশি অন্যদের নিরাপদ রাখতে হবে, সে বিষয়ে প্রত্যেকের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে দুর্যোগ মোকাবিলার সচেতনতা বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারি নির্দেশনা মেনে চলা এবং সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মোঃ মোখলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজকেরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। সম্মিলিত সচেতনতা ও কার্যকর প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত