প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
সাঁথিয়ায় সাবেক সেনা সদস্যের দোকান থেকে অবৈধ সার উদ্ধার,জরিমানা
পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বাজারে অবৈধভাবে সার মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার গুদাম থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ১৩৪ বস্তা সার উদ্ধার করা হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত আদনান মেহেরাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হোসেন (মিলিটারি) সাবেক সেনা সদস্য। অনুমোদন ছাড়া সার মজুত রাখা এবং সার ব্যবস্থাপনা আইন (২০০৬) লঙ্ঘনের অভিযোগে তাকে জরিমানা করা হয়।উদ্ধারকৃত সার স্থানীয় ইউপি সদস্য আসলাম উদ্দিনের মাধ্যমে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ এবং সাঁথিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসলাম উদ্দিন জানান, কামরুল হোসেনের দোকান থেকে ১৩৪ বস্তা সার জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাকে এসব সার ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদনান মেহেরাজ ট্রেডার্সে অভিযান চালানো হয়। অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত