প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি ও ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে বন্দরে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম যথারীতি স্বাভাবিক হবে। এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত