প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ সিরাজের
বগুড়ার শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে সিরাজ (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে পাওনা টাকা আদায়ের জন্য কাওসার আলী (২৬) ও তার বাবা তোজাম সরকার (৫৫) শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে ছানোয়ার হোসেনের (৫০) বাড়িতে যান। সেখানে টাকা চাইলে ছানোয়ার হোসেন কয়েক দিন সময় চান। এতে ক্ষিপ্ত হয়ে বাবা-ছেলে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে এনে মারধর করতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।এ সময় ছানোয়ার হোসেনের চিৎকার শুনে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার ভাই সিরাজ (৬৪)। অভিযোগ অনুযায়ী, তখন কাওসার ও তোজাম সরকার সিরাজকেও মারধর করেন। একপর্যায়ে কাওসার হত্যার উদ্দেশ্যে সিরাজের বুকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। এতে তার বুকের নিচের ডান পাশে আঘাত লাগে।পরে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে নাকুয়া গ্রামে ছানোয়ার হোসেনের বসতবাড়ির আঙিনায় ছটফট করতে করতে সিরাজের মৃত্যু হয়।এ ঘটনায় নিহত সিরাজের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি শেরপুর থানার মামলা নম্বর-২৬, তারিখ ১৬ অক্টোবর ২০২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।পুলিশের প্রেস রিলিজে আরও জানানো হয়, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত