প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
ক্ষমতার মোহ নয়, সার্বভৌম বাংলাদেশের আকাঙ্ক্ষা—নওগাঁয় রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘বিএনপি যদি পাঁচ বছর বাংলাদেশ শাসন করে, তাহলে আমরা দুর্ভিক্ষে মারা যাব। তেলের দাম, গ্যাসের দাম, সিলিন্ডার, সারের সংকট, সিন্ডিকেট ও দলীয়করণ। তাদের অপকর্ম বলে শেষ করা যাবে না। আমরা দুর্ভিক্ষে মরার জন্য আসিনি। বাংলার মাটিতে নতুন করে কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে দেব না।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপার নওগাঁ জেলা শাখা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাশেদ প্রধান বলেন, উত্তরবঙ্গ শুরু থেকেই অবহেলিত। রাজশাহী শহর ছাড়া রাজশাহী বিভাগ এবং পুরো রংপুর বিভাগে দৃশ্যমান কোনো উন্নয়ন আমার চোখে পড়ে না। মহাসড়কের কিছু অংশ পাকা হলেই একটি জেলাকে উন্নত বলা যায় না। এই অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, উত্তরবঙ্গের মানুষ যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই উত্তরবঙ্গ থেকেই আবু সাঈদ আমাদের বিবেককে জাগিয়ে তুলেছিলেন। আমরা শহীদ হওয়ার তামান্না নিয়েই প্রস্তুত আছি। ভয়ভীতি দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আবারও যদি জুলাইয়ের মতো রাজপথে নামতে হয়, আমরা নামব।১১ দলীয় জোটের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জাগপার এই মুখপাত্র বলেন, এই যুদ্ধ ১১ দলকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়, জামায়াতকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধও নয়। এই যুদ্ধ বাংলাদেশের জন্য। এই লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে। আমার কাছে ক্ষমতা কোনো বিষয় নয়। আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর আগে শুধু এটুকু দেখে যেতে চাই। দেশটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম হয়েছে,দেশের এক ইঞ্চি মাটিতেও ভারতীয় আধিপত্য নেই এবং রাষ্ট্রে মানবিকতা ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। আমি ক্ষমতা চাই না, আমি এমন একটি বাংলাদেশ চাই।নিজের নিরাপত্তা নিয়ে রাশেদ প্রধান বলেন, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমার বাসায় যখন বিএনপি হামলা করে, তখনো আমি ভয় পাই না। আমার মৃত্যু যে মুহূর্তে লেখা আছে, সে মুহূর্তেই আমার মৃত্যু হবে। তার এক সেকেন্ড আগেও কেউ আমাকে মারতে পারবে না। এ বিশ্বাস আমার আছে। আর মরতে হলে একবারই মরব।বক্তব্যে তিনি আরও বলেন, আমার প্রাণের সংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি স্লোগানের চেতনাও আমি ধারণ করি। আমাদের চোখ রাঙিয়ে লাভ নেই। বাংলার মাটি ভারতের কোনো অঙ্গরাজ্য হবে না। এ দেশের মাটিতে নতুন করে কোনো স্বৈরতন্ত্র কায়েম হতে দেওয়া হবে না।জাগপার নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম,খেলাফত মজলিসের নওগাঁ জেলা সভাপতি রেজাউর রহমান,এবি পার্টির নওগাঁ জেলা আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত