প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ
ভোলার চরসামাইয়া ইউনিয়নে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মোঃ মোতাসিন (৫২) নামের এক বিএনপি নেতাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা বিল্লাল ও তার পরিবারের বিরুদ্ধে। গতকাল ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার ) বিকেলে চরসামাইয়া ২ নং ওয়ার্ডের রাড়ী বাড়ির সামনের সড়কে ও দলীয় কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।আহত মোঃ মোতাসিন চরসামাইয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্সট্রা বেড-৩ এ চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চরসামাইয়া ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল এবং তার ছেলে ইমরানের নেতৃত্বাধীন একটি চক্রের মাদক বিক্রির প্রতিবাদ ও বাধা দিয়ে আসছিলেন বিএনপি নেতা মোতাসিন। এরই জের ধরে ও পূর্ব শত্রুতার জেরে গতকাল মোতাসিন যখন মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হন, তখন ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার ডান পায়ে ইট দিয়ে আঘাত করে এবং পরে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।অভিযুক্তরা হলেন,যুবলীগ নেতা বিল্লাল, তার ছেলে ইমরান, লিটন, অন্তুর, শাহনাজ, রিংকু এবং বিল্লালের স্ত্রী বকুলি বেগম। স্থানীয় একটি সূত্র জানায়, অভিযুক্ত যুবলীগ নেতা বিল্লাল এর ছেলে পূর্বের একটি মামলায় দীর্ঘদিন জেল খাটার পর গতকাল ১৬ অক্টোবরই কারামুক্তি পান। জেল থেকে বের হয়েই তিনি পরিবারের সদস্যদের নিয়ে এই হামলা চালান বলে অভিযোগ উঠেছে।আহত মোতাসিনের স্ত্রী মোসাঃ রহিমা বেগম গণমাধ্যমকে বলেন, "আমার স্বামী নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। মাদক ব্যবসার প্রতিবাদ করায় বিল্লাল ও তার ছেলেরা মিলে ওনাকে হত্যার উদ্দেশ্যে এভাবে নির্মমভাবে পিটিয়েছে। আমরা এই জঘন্য হামলার সুষ্ঠু বিচার চাই।"ঘটনার পর রক্তাক্ত ও আহত অবস্থায় মোতাসিনকে উদ্ধার করে ভোলা সদর মডেল থানা পুলিশ। পরে তাকে দ্রুত ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।ভোলা সদর মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত