প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
পূজামণ্ডপ পরিদর্শন করলেন দিনাজপুর সেক্টর কমান্ডার ফয়সল হাসান খান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২২টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা এ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর সেক্টরের অধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার রামসাগর পূজামণ্ডপ ও সুন্দরা বারোয়ারী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ঐতিহ্যের উজ্জ্বল প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।সেক্টর কমান্ডার বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।তিনি জানান, দিনাজপুর ও জয়পুরহাট জেলার পূজামণ্ডপগুলোর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ১৭০টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৪১টি মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে নিরাপত্তা জোরদার করতে ২২টি বেইজ ক্যাম্পের মাধ্যমে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।সেক্টর কমান্ডার আরও বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত