প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
কালাইয়ে থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগে জেল হাজতে যুবক
জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কালাই থানা কম্পাউন্ডের ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ায় আঘাতটি তার বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে আসলাম ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম।আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় তিনি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলেন। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হলেও আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে৷
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত