প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
পোস্টার-ফেস্টুনে সরগরম আক্কেলপুর, ফিরছে নির্বাচনী আবহ
বাজারের প্রাণকেন্দ্র থেকে ব্যস্ততম মোড়, প্রধান সড়ক থেকে জনসমাগমস্থল-সবখানেই সারি সারি ফেস্টুন আর দেয়ালে দেয়ালে রঙিন পোস্টার। সুতলিতে ঝুলছে আনারস, ছাতা, হাতি, হরিণ, আমসহ নানা প্রতীক। মাথায় টুপি, হাতে হ্যান্ডমাইকে ব্যতিক্রমী বেশভূষায় অলিগলি চষে বেড়িয়ে ভোট চাইছেন প্রচারকর্মী। কোথাও মাইকিং, কোথাও স্লোগান, আবার কোথাও দোকানে দোকানে ভোট চাওয়ার ব্যস্ততা। চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডায় আড্ডায় চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা। কে বসবেন সভাপতির চেয়ারে, কার গলায় উঠবে সাধারণ সম্পাদকের মালা, আর কোন প্যানেল অর্জন করবে ব্যবসায়ীদের আস্থা-এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।জাতীয় নির্বাচনের প্রচারণায় পোস্টার-ফেস্টুনের সেই চেনা দৃশ্য অনেকটাই আড়ালে চলে গেলেও বণিক সমিতির নির্বাচন ঘিরে আবারও ফিরেছে পুরোনো নির্বাচনী ঐতিহ্য। জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজারে প্রার্থীদের প্রচার-প্রচারণায় তৈরি হয়েছে নির্বাচনী আমেজ।পদ-পদবি, প্রতীক আর ভোটের হিসাব নিয়ে সরগরম হয়ে উঠেছে পুরো বাজার।আগামী ২৫ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হবে আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। এতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। সমিতির তথ্য অনুযায়ী কলেজ বাজারের প্রায় ৯০০টি দোকানের ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা চালাচ্ছেন নানা প্রচারণা।নির্বাচনী প্রচারে যেন প্রতীকের মেলা বসেছে বাজারে। দোকানের সামনে, বাজারের অলিগলিতে এবং চলাচলের পথে এসব পোস্টার-ফেস্টুন জানান দিচ্ছে নির্বাচনের উপস্থিতি। প্রার্থীদের ছবি, নাম ও প্রতীক তুলে ধরে ভোটারদের নজর কাড়ার চলছে নানা চেষ্টা ।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ নূরনবী খন্দকার নয়ন (প্রতীক আনারস) ও কাজী শফি উদ্দিন (প্রতীক ছাতা)। গুরুত্বপূর্ণ এই পদে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ভোটারদের মধ্যে আলোচনা চলছে।সহসভাপতি পদে লড়ছেন মোঃ আতোয়ার হোসেন (প্রতীক দেয়ালঘড়ি) ও মোঃ জাকির হোসেন (প্রতীক মোমবাতি)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন-মোঃ মিজানুর রহমান হাবু, মোঃ নুরুন্নবী আরিফ ও মোঃ মোরশেদুল ইসলাম সৈকত। তাঁদের প্রতীক যথাক্রমে হাতি, আম ও হরিণ। তিন প্রার্থীর প্রচারণায় পদটি ঘিরে ভোটারদের আগ্রহের পাশাপাশি চলছে নানা আলোচনা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ শামীম হোসেন, মোঃ রিফাতুল রিংকু ও মোঃ রেজাউল হোসেন। তাঁদের প্রতীক যথাক্রমে রিকশা, শাপলা ফুল ও গরুর গাড়ি।নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। কেউ দোকানে দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন, কেউ তুলে ধরছেন নিজের পরিকল্পনা, আবার কেউ সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। পোস্টার-ফেস্টুনের পাশাপাশি সরাসরি যোগাযোগ ও মাইকিংয়েও গুরুত্ব দিচ্ছেন তাঁরা।হার্ডওয়্যার ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে বাজারে উৎসবের আমেজ তৈরি হয়েছে। তবে আমরা শুধু পোস্টার-ফেস্টুন বা প্রচারণা দেখে ভোট দেব না।যাঁরা ব্যবসায়ীদের সমস্যা বুঝবেন, বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখবেন এবং ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবেন, আমরা তাঁদেরই নেতৃত্বে দেখতে চাই।আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির আহ্বায়ক মোঃ আলমগীর চৌধুরী বাদশা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ব্যবসায়ীরা আনন্দমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যোগ্য নেতৃত্ব বেছে নেবেন। নির্বাচিত কমিটি বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করবে।উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু হাশেম মোঃ মোকাররম হোসেন বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে এবং ভোটাররা তাঁদের পছন্দের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন-এমন প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত