প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
জয়পুরহাটে যৌনকর্মীসহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাট ব্যাটালিয়ন-২০ বিজিবি, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২জন মহিলা ও ২ জন পুরুষ মোট ৪ জন তালিকাভুক্ত মাদকব্যবসায়ী ও যৌনকর্মী আটক হয়েছে।আটককৃতদের নিকট থেকে ১৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২ পিস কুপিজেসিক নেশার ইনজেকশন ,২ টি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়েছে।আটককৃত মাদকদ্রব্য ও মালামালের সিজার মূল্য সর্বমোট-১ লক্ষ ৫৭ হাজার ৬ শত ১০ টাকা। আজ ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচগ্রাম গ্রামের মোঃ নুর মোহাম্মদ মোল্লা ধলুর পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৩৫), একই গ্রামের মোঃ আনসার আলীর পুত্র মোঃ সানোয়ার হোসেন (৩২) ও একই উপজেলার দেওগ্রাম গ্রামের মোজাম্মেল হকের কন্যা আঞ্জুমান (৩২) এবং বগুড়া সদর উপজেলার চালোপাড়া গ্রামের মোঃ খালেক এর কন্যা যৌনকর্মী আফিয়া ফেরদৌসী মিম (২৫)। এরমধ্যে পুরুষ আসামিদ্বয়ের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।বিজিবি জানায়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম পুকুরপাড় নামক স্থানে শারদীয় দুর্গাপূজার উদযাপন পরবর্তী সময়ে কতিপয় চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নারীসহ মাদক সেবন ও আনন্দ-ফূর্তি করছে এবং তাদের নিকট বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে। এমন সিভিল গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে মহিলা সৈনিকসহ ২টি টহলদল,স্থানীয় পুলিশের ১টি দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১টি দলসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই মাদকবিরোধী যৌথ ঝটিকা অভিযান পরিচালনা করে তাদের আটক ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত