প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
ধুনটে অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, মৃত সন্তান প্রসবের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলায় স্বামীকে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মেরিনা খাতুন (৪৫)। এ সময় তাঁর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত সন্তান প্রসব করেন বলে জানা গেছে।এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী গৃহবধূর স্বামী কৃষক শাহ আলী ফকির প্রতিপক্ষের সাতজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শাহ আলী উপজেলার দিদারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি গ্রামের হবিবর রহমানের ছেলে মজনু মিয়া (৪৭)-এর বিরুদ্ধে এক প্রতিবেশী নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়। মজনু মিয়া বিষয়টিকে গুজব দাবি করে এ জন্য প্রতিবেশী শাহ আলীকে দায়ী করেন।এ ঘটনার জেরে গত ১৯ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে মজনু মিয়া শাহ আলীকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে মজনু মিয়া ও তাঁর লোকজন শাহ আলীর ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসেন তিন মাসের অন্তঃসত্ত্বা মেরিনা খাতুন। তখন হামলাকারীরা তাঁর পেটে লাথি মারেন বলে অভিযোগ করেন স্বজনেরা।পরে স্থানীয় লোকজন আহত শাহ আলী ও মেরিনাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেরিনা খাতুন মৃত সন্তান প্রসব করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় শাহ আলী ফকির মজনু মিয়াসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মজনু মিয়া ও তাঁর লোকজন আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত