প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
ধুনটে খালে ডুবে নিখোঁজের সাত ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর জান্নাতি আক্তার (১০) নামে এক শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের বালুয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতি পার্শ্ববর্তী গাবতলী উপজেলার মালিয়ানডাঙা গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দাদা-দাদির সঙ্গে ফরিদপুর গ্রামে তার ফুফা ইউসুব আলীর বাড়িতে বেড়াতে আসে জান্নাতি। শুক্রবার সকালে তাকে ফুফার বাড়িতে রেখে দাদা-দাদি নিজ বাড়িতে ফিরে যান। পরে সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাঙ্গালী নদী থেকে বের হওয়া বালুয়া খালে গোসল করতে নামে জান্নাতি। এ সময় সে পানিতে ডুবে যায়।বিষয়টি অন্য শিশুরা জানালে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় খালে খোঁজাখুঁজি করেন। তবে তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা নেওয়া হয়। পরে রাজশাহী থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে জান্নাতির মরদেহ উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন আব্দুর রাজ্জাক।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে জান্নাতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত