প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
কমলনগরে অবৈধ জাল ও ২৪০ কেজি মা-ইলিশ জব্দ
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে রাতভর অভিযান চালিয়ে প্রায় ৯৫ লাখ টাকা মূল্যের অবৈধ জাল, তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোট ও প্রায় ২৪০ কেজি মা-ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ডের কমলনগর কন্টিনজেন্ট কমান্ডার।শুক্রবার (২৩ অক্টোবর) রাত থেকে শনিবার (২৪ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার লুধুয়া বাজার থেকে মতিরহাট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের কমলনগর কন্টিনজেন্ট কমান্ডার (সিসি)। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।অভিযানে জব্দ করা অবৈধ সরঞ্জামের মধ্যে রয়েছে—তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোট, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা; এক লাখ মিটার সুতার জাল, যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা; এবং ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, যার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। এ ছাড়া প্রায় ২৪০ কেজি মা-ইলিশ জব্দ করা হয়।অভিযান চলাকালে নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত তিনটি বোটে তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল ও মা-ইলিশ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মা-ইলিশ স্থানীয় এতিমখানা এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, তিনটি বোট উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘনা নদীতে ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা, মা-ইলিশ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত