প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
শেরপুরের অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শেরপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় অপহৃত কিশোরীকে নিরাপদে উদ্ধার করা হয়। একই দিনে পৃথক আরেক অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকেও গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুর ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অপহরণ মামলার প্রধান আসামি আজলুল হক ওরফে বাবুল ওরফে মো. ফজলুল হক বাবু (২৫) এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী টেকড়াপাড়া এলাকার মৃত আলালউদ্দিনের ছেলে মো. আকবর আলী (২৭)।এসআরবি-১৪ সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার এক ব্যক্তি তাঁর ১৪ বছর বয়সী মেয়েকে অপহরণের অভিযোগে গত ১১ অক্টোবর শেরপুর সদর থানায় মামলা করেন। ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কিশোরীকে উত্ত্যক্ত ও অশালীন আচরণ করতেন। এতে বাধা দেওয়ায় তাঁর পরিবারের প্রতি শত্রুতা পোষণ করতেন বলেও অভিযোগ রয়েছে।এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৫ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে দুটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ব্যক্তিরা কিশোরীর পথরোধ করেন। পরে জোরপূর্বক ও ভয়ভীতি দেখিয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর ও সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ আভিযানিক দল গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালায়। মঙ্গলবার দুপুরে ওই অভিযান থেকে অপহরণ মামলার প্রধান আসামি বাবুকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করা হয়।অন্যদিকে, একই দিন দুপুরে এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর ও এসআরবি-১-এর সিপিসি-১, পূর্বাচলের যৌথ দল ঢাকার খিলক্ষেত থানার ব্যায়াম চত্বর এলাকায় অভিযান চালিয়ে মো. আকবর আলীকে গ্রেপ্তার করে। তিনি নালিতাবাড়ী থানার একটি মাদক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। ২০১৯ সালের ১৩ জুন দায়ের করা ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা কিশোরীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত