প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
দশমিনায় খাসজমির দাবিতে ভূমিহীনদের বিক্ষোভ
পটুয়াখালীর দশমিনায় দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর নামে খাসজমি বন্দোবস্ত, কথিত অবৈধ বন্দোবস্ত বাতিল এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধার মাধ্যমে স্মারকলিপি দেন উত্তর চর শাহজালাল মৌজার ভূমিহীন পরিবারগুলো। এ উপলক্ষে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।ভূমিহীন নেতা বারেক সর্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, আবদুস সাত্তার হাওলাদার ও কায়েস মাহমুদসহ স্থানীয় নেতারা।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত প্রকৃত ভূমিহীন পরিবারগুলোর স্থায়ী আবাসন নিশ্চিত করতে খাসজমি বন্দোবস্ত দিতে হবে। একই সঙ্গে বন্দোবস্তসংক্রান্ত অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।ইউএনও মো. মাহমুদ হাসান মৃধা বলেন, একটি লিখিত স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেব। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের নেতারা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত